২২ অক্টোবর, ২০২৬ ১১:৫২ এএম
দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম অঞ্চলের 'কালচারাল লিডারশিপ প্রোগ্রাম ২০২৬' ২১ অক্টোবর (বুধবার ) সকাল দশটায় কক্সবাজারের একটি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি শিল্পী সাইফুল্লাহ মানছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত কালচারাল লিডারশিপ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মদ শাহজাহান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, দুনিয়ার যাবতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হতে হবে পরকালীন মুক্তির লক্ষ্যে। অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতিকসহ জীবনের নানাদিক নিয়ে ইসলামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে ইসলামের সৌন্দর্য ও গ্রহণযোগ্যতা সর্বজনবিদিত। তাই সাহিত্য-সংস্কৃতিতে আমাদের চিন্তার প্রতিফলন ঘটিয়ে সমাজ পরিবর্তনের এগিয়ে আসতে হবে।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাহিত্য-সস্কৃতি কমিটির সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি বলেন, আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য প্রয়োজন শিক্ষা ও সাংস্কৃতিক বিপ্লব। এই বিপ্লব সাধনে সাংস্কৃতিক জনশক্তিকে অপসংস্কৃতির মোকাবিলায় পরিকল্পিত ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। আমাদের জাতিসত্ত্বার পরিচয় মুছে দিতে ভিনদেশী সংস্কৃতির আগ্রাসনে আমরা জাতি হিসেবে ক্ষতবিক্ষত। এই অবস্থার পরিবর্তনে মার্জিত ও পরিশীলিত সংস্কৃতি চর্চাকারী সংগঠন হিসেবে দেশীয় সাংস্কৃতিক সংসদকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি শিল্পী সাইফুল্লাহ মানছুর বলেন, আমাদের সমৃদ্ধ ও ঐতিহ্যে লালিত সাংস্কৃতিক পাটাতন রয়েছে। সেই পাটাতনকে মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে প্রয়োজন সম্মিলিত প্রয়াস ও প্রচেষ্টা। পরিশুদ্ধ, মননশীল ও আধুনিক প্রযুক্তি নির্ভর সাংস্কৃতিক কর্মকান্ড গ্রাম-শহর ও নগরে বন্দরে ছড়িয়ে দিতে দেশীয় সাংস্কৃতিক সংসদ বদ্ধপরিকর।
দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম অঞ্চল পরিচালক বাচিক শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব শরীফ বায়জিদ মাহমুদের পরিচালনা ও কক্সবাজার জেলা সভাপতি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত লিডারশিপ প্রোগ্রামে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেশীয় কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, বান্দরবান জেলার প্রধান উপদেষ্টা মাওলানা আবদুস সালাম আজাদ, অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক শিল্পী তাওহীদুল ইসলাম। চট্টগ্রাম মহানগর সভাপতি সেলিম জামান, দক্ষিণ জেলা সভাপতি অ্যাডভোকেট আবু নাসের, উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ নুর নবী, বান্দরবান জেলা সভাপতি অধ্যাপক হামেদ হাসান, রাঙামাটি জেলা সভাপতি কনজুল ইসলাম, খাগড়াছড়ি জেলা সভাপতি রাশেদুল ইসলাম, কক্সবাজার জেলা সেক্রেটারি শিল্পী ইকবাল হাসান প্রমুখ। লিডারশিপ প্রোগ্রামে চট্টগ্রাম অঞ্চলের ৭ টি জেলা থেকে দেড় শতাধিক ডেলিগেট অংশগ্রহণ করেন।