২৩ মে, ২০২৬ ১৮:০৫ পি এম
স্বাধীনতার এত বছর
পর এসেও বলতে হয়
আমজনতার ভাগ্যে আজও
হয়নি সুখের সূর্যোদয়|
স্বাধীন দেশও বক্ষে আমার
দুঃখ দিল বেঁধে
বেদনায় আর চোখ কাঁদে না
মনটা ওঠে কেঁদে!
অত্যাচারের শিকল দিয়ে
মুখ দিতে চায় বেঁধে
নির্যাতিতের চোখের জলে
বুক ভেসে যায় কেঁদে
হোক প্রতিবাদ আজ, বীর জনতা জাগ
স্বৈরাচারী কাঁপুক ভয়ে, দেখুক সবার রাগ||
হাজার হাজার মারল মানুষ
করল কত কঠিন পাপ
স্বৈরাচারী খুনির তবু
দেখছি না তো অনুতাপ!
কার টাকাতে কিনলি বুলেট
কার বুকে তা মারলি
এমন নিঠুর রক্তখেকো
কেমনে হতে পারলি?
(দ্রোহের গান)
...........................................
জীবন—
যুদ্ধে জড়িয়ে গেছে
পিছপা হওয়ার সুযোগ নেই,
হয় জন্মভূমি
নয় শহীদ,
মনে রেখো
হে বিপ্লবী|
আমরা ব্রিটিশ শাসনের অবসান করেছি
এদেশ হতে তাড়িয়েছি পাকিস্তানিদের
রক্তের গঙ্গায় ভেসে এনেছি স্বাধীনতা,
আমাদের চেতনায় বীর-তিতুমীর,
রফিক, সফিক, সালাম, বরকত
আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, আল তাহির ও
প্রতিটি বিপ্লবী যোদ্ধার নাম|
আমরা সবাই বাংলাদেশি
এটাই আসল পরিচয়
আমরা মরণ ভয় করি না
আমরা করি সর্বজয়|
মজলুমেরা মজলুমেরা
করছে কথার যুদ্ধ
ভাবছে না তো স্বৈরাচারী
হয়নি আজও রুদ্ধ|
ষড়যন্ত্র চলছে সদা
বাড়ছে অপশক্তি
কথার মাঝে বিপ্লবী ভাব
মনে খুনির ভক্তি|
ব্যর্থ হলে মোকাবিলায়
আঁধার আবার নামবে
বাংলাদেশের জয়ধ্বনি
ওঠার আগেই থামবে|
কথার লড়াই যতই চলুক
যতই থাক ভিন্নমত,
স্বৈরাচারী রোখার বেলায়
গড়ব তুলে ঐক্যমত!
যা আছে তা নামব নিয়া
দেশ বাঁচাব জীবন দিয়া,
রক্তে আগুন লাগল ফের
ডাক উঠেছে বিপ্লবের|
(দ্রোহের গান)
..........................................
চব্বিশ এলো, বিপ্লব হলো, উঠল মানুষ হেসে
রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ভোর এসেছে দেশে!
পালিয়েছে স্বৈরাচারী
রক্তখেকো জুলুমকারী
বাংলাদেশের মাটি ছেড়ে কাপুরুষের বেশে!
পুত হারিয়ে মা জননী
কান্দে বাংলাদেশে
খুনি ঠিকই দিল্লি গিয়ে
আছে রানির বেশে|
খুনিটারে ফিরিয়ে তো
আনতে হবে দেশে
তার ফাঁসিতে গোটা জাতি
উঠবে জানি হেসে|
লাল-জুলাইয়ের বিপ্লবীরা
এক করো সব ক্রোধ,
হাজার হাজার বীর-শহীদের
নিতে প্রতিশোধ!
তোমরা যদি ভয় পেয়ে যাও
ভয় পাবে তো জাতি,
তোমরা হবে সাহস ভরা
দ্বীপ্ত আলোর বাতি|
যুদ্ধে যখন নেমেই গেছো
ভয় করো না কভু,
জুলুম কিবা ফাঁসির রশি
আসলেও বা তবু|
বিপ্লব মানে নতুন যুগের
হয় সূচনা ফের
স্বৈরাচারী টানতে যে হয়
অতীত ভুলের জের|
নিষিদ্ধ হোক মদের বোতল
নিষিদ্ধ হোক দালালি,
নিষিদ্ধ হোক স্বৈরাচারী
দেশটা যারা জ্বালালি!
নিষিদ্ধ হোক জুলুমবাজি
বৈরী সকল পরিবেশ
মুক্ত স্বাধীন ভোরের হাওয়ায়
উঠুক হেসে বাংলাদেশ|
কবিতাংশ: আরিফ হোসেন সবুজ
বই: বাকশাল থেকে স্বৈরাচার