১৮ জুলাই, ২০২৬ ১৪:৪৪ পি এম
দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে মৌসুমি ফল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশীয় চট্টগ্রাম এর প্রধান উপদেষ্টা ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম। দেশীয় চট্টগ্রাম মহানগর এর সেক্রেটারি ও কবি আব্দুল গফুর এর সভাপতিত্বে এবং অফিস সম্পাদক মুহাম্মদ এনামুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দেশীয় কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোবারক হোসেন, সাগরিকা জোন সভাপতি শিল্পী আব্দুশ শাকুর এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুর রহিম। এতে আরো উপস্থিত ছিলেন ডাক্তার কামাল হোসেন, সাংবাদিক ইমরান সোহেল, সাঈদুর রহমান, শিল্পী মতিউর রহমান, শিল্পী শহীদুল ইসলাম, শিল্পী জয়নাল আবেদীন, মাঈন উদ্দীন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন,“জুলাইয়ের স্মরণে আজকের এই আয়োজনে আমরা ইতিহাসের বীরগাথার এক নতুন অধ্যায়কে স্মরণ করছি। ১৬ জুলাই মুরাদপুরে ছাত্র-জনতার আন্দোলনে শীর্ষ সন্ত্রাসী নুরুল আজিম রনি ও পতিত হাসিনার দোসরদের বর্বর হামলায় শহীদ হন আমাদের স্নেহের শহীদ ফয়সাল আহমেদ শান্ত, ওয়াসিম আকরাম এবং কাঠমিস্ত্রি ওমর ফারুক। তারাই বীর চট্টলার বীরগাথা।” তিনি পথশিশুদের উদ্দেশ্যে বলেন, “তোমরা বড়দের সম্মান করবে। আর বড়দেরও উচিত শিশুদের স্নেহ করা, ভালোবাসা ও সঠিকভাবে লালন-পালন করা।” সিটি কর্পোরেশনের সমালোচনা করে তিনি বলেন,“ভারী বৃষ্টির পূর্বে ড্রেনেজ ব্যবস্থাপনার সংস্কার না করে জলাবদ্ধতা নিয়ে মেয়রের হটকারিতা লজ্জাজনক। মানুষের বাসা-বাড়ি, রাস্তা-অলি-গলি যখন পানিতে তলিয়ে যাচ্ছে, তখন তিনি বলেছেন চট্টগ্রাম শহরে কোনো পানি নেই। পরে জনরোষে পড়ে তিনি কাঁঠি দিয়ে নালা খোঁচাচ্ছেন।”
সভাপতির বক্তব্যে আব্দুল গফুর বলেন,“নতুন ফলের মৌসুমে বিত্তশালীরা নানা ফল খাচ্ছে। কিন্তু সুবিধাবঞ্চিতরাও যেন এর অংশীদার হয়। ‘কেউ খাবে কেউ খাবে না, তা হবে না’ - এই স্লোগানকে সামনে রেখেই দেশীয়র এই মহতী আয়োজন।” অফিস সম্পাদক মুহাম্মদ এনামুল হক বলেন,“জুলাইয়ের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করা আমাদের দায়িত্ব। আজকের শিশুরাই আগামীর দক্ষ নাগরিক। দেশীয় চট্টগ্রাম মহানগর সভাপতি সেলিম জামান এর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।” মোবারক হোসেন বলেন, “আমাদের এই আয়োজন আপনাদেরকে নিয়েই এবং আপনাদের সহায়তায় সম্পন্ন হয়েছে। সকলকে ধন্যবাদ জানাই।” আলোচনা শেষে প্রধান অতিথি ও দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগর এর নেতৃবৃন্দ প্রায় ১৫০ জন পথশিশুর মাঝে আম, পেয়ারা, কলা, লটকন ও আমড়া সহ দেশীয় ও মৌসুমি ফল বিতরণ করেন।