২৩ অগাস্ট, ২০২৬ ১১:৫৬ এএম
নরসিংদীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে সাংস্কৃতিক কর্মশালা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২১ আগস্ট ২০২৬, শুক্রবার সকাল ৭টায় জেলা কার্যালয় মিলনায়তন, ব্রাহ্মন্দী, নরসিংদীতে এ কর্মশালা শুরু হয় এবং বেলা ১২টায় শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশীয় সাংস্কৃতিক সংসদ, নরসিংদী জেলার প্রধান উপদেষ্টা মো. ইব্রাহিম ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় আইটি, মিডিয়া ও প্রচার সম্পাদক সালমান রিয়াজ। তিনি সাংস্কৃতিক সংগঠন পরিচালনা কৌশল বিষয়ে আলোচনা রাখেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন স্বর্ণপদকপ্রাপ্ত লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব ড. অছিউদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নরসিংদী জেলার সভাপতি জনাব শামসুল ইসলাম তালুকদার এবং দেশীয় সাংস্কৃতিক সংসদ, নরসিংদী জেলার উপদেষ্টা মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেশীয় সাংস্কৃতিক সংসদ, নরসিংদী জেলার পরিচালক ওয়ালী উল্লাহ সরকার। উক্ত কর্মশালায় নরসিংদী জেলার থানার সাংস্কৃতিক দায়িত্বশীলবৃন্দ ডেলিগেট হিসেবে উপস্থিত ছিলেন। গান, আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে কর্মশালাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংস্কৃতিক চর্চার প্রসার, সৃজনশীল কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং সৃজনশীল কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদানের লক্ষ্যেই এ আয়োজন করা হয়।