৭ এপ্রিল, ২০২৬ ১১:০৫ এএম
জাতীয় সাহিত্য সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদের আয়োজনে “বান্দার দর্শন ও সাহিত্য ভাবনা” শীর্ষক এক মনোজ্ঞ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ৬ এপ্রিল ২০২৬, সোমবার বিকাল ৪.৩০ মিনিটে রাজধানীর মতিঝিলে কিচেন ইয়ার্ড রেস্টুরেন্টে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সাহিত্য-সংস্কৃতিচর্চা, দর্শনচিন্তা এবং সমকালীন বুদ্ধিবৃত্তিক আলোচনাকে সামনে রেখে আয়োজিত এ সেমিনারে দেশের নির্বাচিত নবীন প্রবীণ লেখক, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট কবি, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব জয়নুল আবেদীন আজাদ। তাঁর প্রবন্ধে ‘বান্দার দর্শন’ বিষয়ক দার্শনিক ব্যাখ্যা, মানবিক চেতনা, সাহিত্যিক উপলব্ধি এবং সমাজ-সংস্কৃতির সঙ্গে এর আন্তঃসম্পর্ক তুলে ধরা হয়। তিনি বলেন, সাহিত্য কেবল বিনোদনের মাধ্যম নয়; বরং মানুষের আত্মিক জাগরণ, নৈতিক বোধ এবং সামাজিক দায়বদ্ধতা তৈরির একটি শক্তিশালী ক্ষেত্র। তাঁর প্রবন্ধে দর্শন ও সাহিত্যের পারস্পরিক সম্পর্ক নিয়ে উপস্থিত অতিথিদের মধ্যে গভীর আগ্রহের সৃষ্টি হয়।
দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট সুরকার ও শিল্পী সাইফুল্লাহ মানছুর। তিনি এ ধরনের চিন্তাশীল আয়োজন নিয়মিত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সাংস্কৃতিক অঙ্গনের সৃজনশীল মানুষদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সেমিনারে প্রধান আলোচক ছিলেন কবি আশরাফ আল দ্বীন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দীন, গীতিকার-সুরকার তাফাজ্জল হোসাইন খান, ইতিহাসবিদ আশরাফুল ইসলাম, কবি সোলায়মান আহসান, কবি শরীফ আবদুল গোফরান, কবি জাকির আবু জাফর, বাচিক শিল্পী শরিফ বায়েজিদ মাহমুদ, কবি নাসির হেলাল, সাংস্কৃতিক সংগঠক আবেদুর রহমান, লেখক আলী আহমদ মাবরুর, কবি নাঈম আল ইসলাম মাহিন প্রমুখ।
এছাড়াও নির্বাচিত আরও লেখক, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠকরা আলোচনায় অংশ নিয়ে নিজেদের মূল্যবান মতামত তুলে ধরেন। তাঁরা এমন আয়োজনকে সময়োপযোগী, চিন্তাপ্রসূত এবং সাহিত্য-সংস্কৃতির জগতে ইতিবাচক সংযোজন হিসেবে অভিহিত করেন।