৮ মার্চ, ২০২৬ ১৫:১১ পি এম
দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকাল ৪টায় নগরের দেওয়ানহাটস্থ দেশীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নগরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের সভাপতি সেলিম জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক আবু হেনা মুহাম্মদ মুস্তফা কামাল এবং পোস্তারপাড় জামে মসজিদের খতিব মাওলানা জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। রমজানের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নৈতিকতা ও মানবিকতার চর্চাকে সুদৃঢ় করে। তিনি বলেন, একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে সাংস্কৃতিক কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই দেশীয় সংস্কৃতির চর্চা এবং মানবিক মূল্যবোধ বিকাশে সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রম আরও শক্তিশালী করা প্রয়োজন।
তিনি আরও বলেন, রমজানের শিক্ষা মানুষকে পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে। এই মূল্যবোধকে ধারণ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাংস্কৃতিক কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সভাপতির বক্তব্যে সেলিম জামান বলেন, রমজান আত্মসংযম, ধৈর্য ও মানবিক গুণাবলি অর্জনের এক মহৎ শিক্ষা দেয়। এই শিক্ষাকে ব্যক্তি ও সামাজিক জীবনে ধারণ করতে পারলেই একটি সুন্দর, নৈতিক ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও আমন্ত্রিতদের সম্মানে ইফতারির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, এসিস্ট্যান্ট সেক্রেটারি শিল্পী গোলাম মুস্তফা, সেক্রেটারিয়েট সদস্য শিল্পী শাহিদুল করিম খান, মাওলানা এনামুল হক, অধ্যক্ষ আরিফ বিল্লাহ, মোবারক হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের জোন দায়িত্বশীল মুহাম্মদ সাইদুল ইসলাম, মুহাম্মদ জাকির হোসেন ও এডভোকেট ইমরান হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টলা গানের দলের পরিচালক শিল্পী আব্দুস শাকুর, কর্ণফুলী নাট্য থিয়েটারের পরিচালক হোসনে মুরাদ তারিফ এবং সাহিত্য-সাংস্কৃতিক বিভাগের দায়িত্বশীল সাংবাদিক মাহবুবুল মওলা রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।