১৪ এপ্রিল, ২০২৬ ২২:১১ পি এম
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর মহানগর। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সংস্কৃতিপ্রেমী মানুষ অংশ নেন।
সকালে মহানগরের প্রধান প্রধান সড়কে বৈশাখী র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এক বর্ণিল সাংস্কৃতিক আবহের সৃষ্টি করে। র্যালি শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের সভাপতি মুহাম্মদ মনির হোসাইন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় দাওয়াহ ও শিল্পী কল্যাণ সম্পাদক মো. রফিকুল হায়দার।
সংগঠনের সেক্রেটারি মো. নাজির আহমেদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেহেদী হাসান সিরাজ, আবু সাদাত লুলু, মোজাহার হোসেন, আদনান জায়েদ, আবদুল মতিন তালুকদার, সাইফুল ইসলাম, জুন্নুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বৈশাখের চিরন্তন ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতি তুলে ধরে বিভিন্ন দেশাত্মবোধক গান ও লোকজ পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিল্পীদের নিপুণ পরিবেশনায় উপস্থিত দর্শকদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। বক্তারা তাদের বক্তব্যে অপসংস্কৃতি রোধ করে সুস্থ ও দেশীয় সংস্কৃতি চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।