২৮ জুলাই, ২০২৬ ১২:৫৮ পি এম
জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই শহীদদের স্মরণে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই কবিতা পাঠের আসর’। সোমবার (২৭ জুলাই ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় হিলফুল ফুজুল ট্রাস্ট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে মুক্তবচন সাহিত্য সংসদ। অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিল দেশীয় সাংস্কৃতিক সংসদ, জামালপুর জেলা শাখা। অনুষ্ঠানে নবীন ও প্রবীণ কবিরা জুলাই গণঅভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ, দেশপ্রেম ও জাতীয় চেতনা নিয়ে রচিত নিজেদের কবিতা আবৃত্তি করেন। কবিতার মাধ্যমে তারা জুলাইয়ের স্মৃতি ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি মুহাম্মদ রেজাউল করিম, কবি আব্দুল আজিজ জামালী, কবি আব্দুল মান্নান আনসারী, কবি রশিদুজ্জামান আকন্দ, কবি আব্দুর রহিম খান, কবি ইমরান হোসাইন সেলিমসহ জেলার নবীন-প্রবীণ কবি ও সাহিত্যপ্রেমীরা। বক্তারা বলেন, সাহিত্য ও সংস্কৃতিচর্চার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং স্বাধীনতার চেতনাকে সমাজে আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।