২১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৬ এএম
‘গানে গানে সুরে সুরে সুরে জীবন সাজাই হেরার নূরে’ এই স্লোগানকে সামনে নিয়ে দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ জেলার সীরাত সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার এক মিলনায়তনে প্রতিযোগিতা শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের আবৃত্তি সম্পাদক ও ক্রিডস ক্রিয়েশন টিভির সিইও শরীফ বায়েজীদ মাহমুদ। তিনি বলেন— রাসূল সা. এর সংস্কৃতি সারাদেশে ছড়িয়ে দিতে হবে। সুস্থ সংস্কৃতি প্রতিষ্ঠায় আমাদের সবাইকে অবদান রাখতে হবে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সম্পাদক মুহাম্মদ হাফিজুর রহমান। তিনি সীরাতের আয়োজনগুলো আরো বড় আকারে সারা জেলায় ছড়িয়ে দেওয়ার আহবান জানান।
দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইকবাল হোসাইন মনজুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল বাকি, শিল্পী আশিক উজ্জ্বল, এসএম ইমরান হোসাইনসহ আরো অনেকে।
আজিজ হাকিমের উপস্থাপনায় সকাল ১১টায় অনুষ্ঠান শুরু হয় এবং বিজয়ীদের সাথে অতিথিদের ফটোশেসনের মাধ্যমে শেষ হয়৷ এর আগে মাসব্যাপী সারা জেলা থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে জেলার চূড়ান্ত পর্যায়ে প্রতিযোগীরা উত্তীর্ণ হন, এবং আজ সকাল থেকে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের ক্রেস্ট ও মূল্যবান বই হাতে তুলে দেওয়া হয়৷