২৬ অগাস্ট, ২০২৬ ০৮:৪২ এএম
জাতীয় সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’-এর উদ্যোগে ‘কনটেন্ট ক্রিয়েটর, লেখক, প্রকাশকের অধিকার সংরক্ষণ: কিছু মৌলিক বিষয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর পুরানা পল্টনের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন।
দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলামের পরিচালনায় সেমিনারে সভাপতিত্ব করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি সাইফুল্লাহ মানছুর। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান ডিজিটাল ও সৃজনশীল জগতে কনটেন্ট ক্রিয়েটর, লেখক ও প্রকাশকদের মেধাস্বত্ব, সৃজনশীল কাজের স্বীকৃতি এবং আইনগত অধিকার সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এসব বিষয়ে সচেতনতা তৈরি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়াই সেমিনারের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে দেশের খ্যাতনামা সাহিত্য-সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন। সেমিনারে উপস্থিত ছিলেন গীতিকার-সুরকার তাফাজ্জল হোসাইন খান, টিভি ব্যক্তিত্ব শরীফ বায়জীদ মাহমুদ, কবি সোলায়মান আহসান, কবি নাসির হেলাল, বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্য সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব মুকুল, বাংলাদেশ কালচারাল একাডেমির সেক্রেটারি ইব্রাহিম বাহারী, গীতিকার সাইফুল আরেফিন লেলিন, টিভি ব্যক্তিত্ব আমিরুল মোমেনীন মানিক, আমিরুল ইসলাম, প্রকাশক আবু মুসা খান, নাট্যকার মনিরুল ইসলাম, শিল্পী দিদারুল ইসলাম, আবদুল্লাহ আল নোমান প্রমুখ।